যামিনীভূষণ রায় (১৮৭৯ - ১১.৮.১৯২৬) ছিলেন খুলনার পঞ্চানন রায় কবিচিন্তামণির পুত্র। তিনি ভবানীপুর সাউথ সাবার্বান স্কুল থেকে প্রবেশিকা এবং সংস্কৃত কলেজ থেকে বি.এ. পাস করার পর একই সঙ্গে এম.এ. ও কলিকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়াশোনা করেন। পাশাপাশি পিতার কাছে আয়ুর্বেদ শিক্ষাও নেন [৫]। এরপর বিখ্যাত কবিরাজ মহামহোপাধ্যায় বিজয়রত্ন সেনের অধীনে আয়ুর্বেদ শিক্ষা সম্পন্ন করে তিনি বগলা মাড়োয়ারী হাসপাতালের কবিরাজ হিসেবে যোগ দেন এবং দ্রুত খ্যাতি অর্জন করেন [৫, ২৬]। প্রাচ্য ও পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার সমন্বয়ে একটি আয়ুর্বেদ কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি উদ্যোগী হন, যা বর্তমানে ‘যামিনীভূষণ অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিদ্যালয় ও আয়ুর্বেদীয় আরোগ্যশালা’ নামে পরিচিত। মৃত্যুর একদিন আগে তিনি কলেজটির জন্য ২ লক্ষ টাকা দান করেছিলেন [২৬, ২৬]।